পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের একই পরিবারের আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা। তবে চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ এবং তাঁর প্রধান সহযোগী ফাহিমাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে জানা গেছে।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে প্রতারণার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করেন। পরে চক্রটির তিন সহযোগীকে আটক করে কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রের মূল সদস্যরা উধাও হয়ে গেছেন। শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, শাকিল আহমেদ অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।
স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে এলাকার মানুষের আস্থা অর্জন করে। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে। তবে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন বিভিন্ন মালামালের জন্য এবং ১২ জন নতুন ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা ঘটনার এক দিন আগে কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর এ ঘটনায় প্রতারণার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।



