গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে পৃথক এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। তবে এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। পরে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিক অসন্তোষের পর ইসলাম ও রিপন গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ঘটনার পর কোনাবাড়ী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এদিকে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
একই দিনে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



