মালয়েশিয়া থেকে আগামী ডিসেম্বর মাসে ৬ হাজার ৮০৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন। ঘোষণার অংশ হিসেবে আগামী ৬ ও ৭ ডিসেম্বর তিনটি মিয়ানমারের নৌযানে করে ১ হাজার ৫০০ জনকে এবং ডিসেম্বরজুড়ে উড়োজাহাজে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফেরত পাঠানো হবে। প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। তিনি বলেন, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তিনটি নৌযানে করে ১ হাজার ৫০০ নাগরিককে ফিরিয়ে নেওয়া হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে করে মিয়ানমারে পাঠানো হবে।
আনোয়ার জানান, মালয়েশিয়া থেকে এ বছর এখন পর্যন্ত ১০ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের প্রত্যাবাসনের খরচও বহন করেছে মিয়ানমার সরকার। এদের মধ্যে ১ হাজার ৪৭৬ জনকে গত ২৯ সেপ্টেম্বর মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফিরিয়ে নেওয়া হয়।
প্রত্যাবাসিত ব্যক্তিদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে দেশে ফেরার বিষয়ে মিয়ানমারের কাছ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন আনোয়ার। তবে চলমান প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ রয়েছে।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় রায় দেন। আদালত ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে বলে সিদ্ধান্ত দেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বিষয়ে দেশটির দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টিও আদালতের রায়ে উঠে আসে।
আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্মিলনে সহায়তা করতে নির্দেশ দেন। তবে আদালতের এই নির্দেশের সঙ্গে মালয়েশিয়ার ঘোষিত প্রত্যাবাসন প্রক্রিয়ার বাস্তব প্রয়োগ কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
আনোয়ার ইব্রাহিম স্বীকার করেছেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমার সরকারের নিপীড়নের শিকার। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে দেশটির ওপর আর্থিক ও নিরাপত্তাগত চাপ তৈরি হয়েছে বলে জানান তিনি। শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রচেষ্টাও সফল হয়নি বলে উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
গত সেপ্টেম্বরেও প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। ওই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে। সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক রেখেছে—এমন খবরের ব্যাখ্যাও চেয়েছিল কুয়ালালামপুর।
জাতিসংঘের হিসাবে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। জাতিগত নিপীড়নের শিকার এই মুসলিম জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়।



