গাইবান্ধার সাদুল্লাপুরে সিরাজ শেখ (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি বাগানের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পগাইলের বিলসংলগ্ন বাগানের একটি আমগাছে সিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, ঝুলন্ত অবস্থায় সিরাজ শেখ নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



