অল ক্রাইমস. টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য জীবা আমিনা আল গাজী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার নাম ঘোষণা করেন।
এর আগে গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এই প্রক্রিয়ায় অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।
উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।
জীবা আমিনা আল গাজী এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই সময় নির্বাচনী প্রচারণাকালে তিনি একাধিকবার হামলার শিকার হন।
তিনি বলেন, “আমি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। কখনো দল বা নেতাকর্মীদের ছেড়ে যাইনি। যতদিন বেঁচে থাকবো, দলের নেতাকর্মীদের পাশে থাকবো।”
তিনি আরও বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংসদে ঝালকাঠিবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।



