অল ক্রাইমস.টিভি ডেস্ক
শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও হিন্দু বিবাহ নিবন্ধকের দায়িত্ব পালনের অভিযোগে রাজশাহী অঞ্চলের ২৯ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আজাদুজজামান স্বাক্ষরিত ১৫ এপ্রিলের এক আদেশে এই শোকজ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একাধিক লাভজনক পদে একসঙ্গে দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা শিক্ষকতার পাশাপাশি কাজি ও বিবাহ নিবন্ধকের দায়িত্বও পালন করছেন, যা বিধি লঙ্ঘনের শামিল।
মাউশি পরিচালক জানান, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



