অল ক্রাইমস. টিভি ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা হ্রাস, সুনির্দিষ্ট কর পদ্ধতি চালু এবং সব ধরনের তামাকপণ্যের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করেছে গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
সংস্থাগুলোর মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে তামাকের ব্যবহার ও অকাল মৃত্যু কমবে এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ, উচ্চ স্তর ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২০০ টাকা বা তার বেশি নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
তামাক কর ও মূল্যবিষয়ক প্রস্তাবকে সমর্থন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, বর্তমানে অধিকাংশ ব্যবহারকারী নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট ব্যবহার করেন। এই দুই স্তর একত্রিত করলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী ধূমপান থেকে নিরুৎসাহিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, প্রস্তাবিত কর সংস্কার বাস্তবায়ন হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতির ওপর চাপ কমবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আয়েশা সুহায়মা রব বলেন, সুনির্দিষ্ট কর পদ্ধতি চালু হলে তামাক কর ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিড়ির ক্ষেত্রে ২০ শলাকার ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন প্যাকেটের অভিন্ন মূল্য যথাক্রমে ৩০ টাকা এবং ৫০ শতাংশ করহার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জর্দা ও গুলের ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৬০ টাকা ও ৩০ টাকা খুচরা মূল্য নির্ধারণ এবং ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সুপারিশ করা হয়। পাশাপাশি সব ধরনের তামাকপণ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবি জানানো হয়।
সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে তামাক খাত থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব, যা বর্তমানের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষের অকাল মৃত্যু প্রতিরোধ করা যাবে। পাশাপাশি প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ত্যাগে উৎসাহিত হবে এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করা থেকে বিরত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, কো-কনভেনর মিজান চৌধুরী, মতুর্জা হায়দার লিটনসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত কারণে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে। ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে রাজস্ব আয় হয় প্রায় ৪১ হাজার কোটি টাকা, অথচ তামাকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৭ হাজার কোটি টাকা।



