কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। এ সময় জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



