অল ক্রাইমস. টিভি ডেস্ক
তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সোমবার (২০ এপ্রিল) সড়কপথে নিজ জেলা বগুড়ায় গিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান ও অভ্যর্থনা জানান।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এবং জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
সোমবার সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, এলেঙ্গা মহাসড়ক এবং মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মহাসড়কের দুই পাশে ব্যাপক জনসমাগমে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সোমবার সকাল ৬টা ১০ মিনিটে তিনি ঢাকার গুলশানস্থ বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
তার সফরের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।



