অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন বিজয়নগর উপজেলার নাদিয়া পাঠান পাপন। কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম ৩২ নম্বরে রয়েছে। মনোনয়ন ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নাদিয়া উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের কন্যা।
তিনি দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
জানা যায়, ২০০০ সাল থেকে তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। পরে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়াশোনার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন এবং বর্তমানে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য।
বিগত সরকারের সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও জানান।
নাদিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি। আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে কাজ করেছি এবং নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছি। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী ছিলেন বলেও জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চান এবং নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার জন্য ভূমিকা রাখতে চান।



