অল ক্রাইমস.টিভি ডেস্ক
মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক কাঠের ইঞ্জিনচালিত নৌকা শনাক্ত করা হয়। পরে দ্রুত অভিযান চালিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশিতে নৌকাটি থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে নৌকায় থাকা ১১ জনকে আটক করা হয়।
নৌবাহিনী আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রে চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



