অল ক্রাইমস.টিভি ডেস্ক
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুরুতে ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত বলে ধারণা করা হলেও পরে পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত দ্বন্দ্বের অভিযোগ সামনে আসায় নতুন মোড় নিয়েছে তদন্ত।
সোমবার মধ্যরাতে এ হত্যাকাণ্ড ঘটে। পরদিন মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন তিনি হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকাকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও লুট হয়েছে বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয় এবং দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে ঘটনাটি নিয়ে ভিন্ন দাবি করেছেন নিহত পপি সুলতানার মা সাবিনা বেগম। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতন ও জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, পরিবারের কয়েকজন সদস্য মিলে তাঁর মেয়ে ও জামাইকে হত্যা করেছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি জমি বণ্টনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ আরও তীব্র হয়। বিষয়টি নিয়ে এলাকায় সালিশও হয়েছিল, তবে দ্বন্দ্ব পুরোপুরি মিটেনি।
নিয়ামতপুর থানার পুলিশ জানিয়েছে, ডাকাতি নাকি পারিবারিক বিরোধ—সব দিক বিবেচনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এদিকে চারজনকে একসঙ্গে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



