অল ক্রাইমস. টিভি ডেস্ক
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন দেখা গেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় এ প্রভাব পড়েছে।
মঙ্গলবার স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৮৫ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে জুন মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সও কমে দাঁড়ায় ৪ হাজার ৮০৪ দশমিক ৭০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে বিরত রাখছে, ফলে স্বর্ণের দামে চাপ তৈরি হচ্ছে।
অন্যদিকে দেশের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে এবং তা কার্যকর রয়েছে।



