অল ক্রাইমস.টিভি ডেস্ক
পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তাইমুর’ নামের একটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি উচ্চ নির্ভুলতা প্রদর্শন করেছে। এটি মূলত একটি উন্নত জাহাজ-বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা, যা দূরপাল্লা থেকে সমুদ্রপথে শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত, অনুসরণ এবং ধ্বংস করার সক্ষমতা রাখে। সামরিক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই পরীক্ষা নৌবাহিনীর সামুদ্রিক আঘাত হানার সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মের মধ্যে সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াবে। পরীক্ষাটিকে সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। জানুয়ারিতে উত্তর আরব সাগরে পরিচালিত এক মহড়ায় তারা সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করে।



