অল ক্রাইমস.টিভি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে ম্যাচ জয়ের পরও ধীরগতিতে ওভার সম্পন্ন করার কারণে শাস্তির মুখে পড়েছে টাইগাররা।
সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় বাংলাদেশ দলের ওপর ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা আরোপ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম করার জন্য ন্যূনতম পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সে হিসেবে দুই ওভার কম হওয়ায় মোট দশ শতাংশ জরিমানা দিতে হচ্ছে বাংলাদেশ দলকে।
ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগটি উত্থাপন করেন। পরে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট শাস্তির সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, মিরপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড ১৯৮ রানে অলআউট হয়। পরে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিং এবং নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল অর্ধশতকে ৮৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।



