অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম এবার ফুটবলের গণ্ডি পেরিয়ে যুক্ত হলেন ক্রিকেটে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নতুন মৌসুম শুরুর আগে বার্মিংহাম ফিনিক্স দলের অংশীদারিত্ব কিনেছেন।
স্টুরব্রিজে বেড়ে ওঠা বেলিংহাম দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন। ফিনিক্স দলের ৫০.৪ শতাংশ শেয়ার রয়েছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে। অন্যদিকে ৪৮.৪ শতাংশ শেয়ার কিনেছে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির প্রতিনিধিত্বকারী নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
দলে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে বেলিংহাম বলেন, এই শহরের প্রতি তার বিশেষ দায়বদ্ধতা রয়েছে এবং এভাবেই তিনি সেটি পূরণ করতে চান। একই সঙ্গে তিনি ওয়ারউইকশায়ারের এক সাক্ষাৎকারে ক্রিকেটের প্রতি নিজের আগ্রহের কথাও জানান।
ছোটবেলায় ভাই জোব বেলিংহামের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে নানা মজার অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি। এখন ফুটবলের বাইরে ক্রিকেট দেখা তার অন্যতম প্রিয় বিনোদন। বিশেষ করে টেস্ট ক্রিকেট উপভোগ করতে ভালোবাসেন বেলিংহাম—পুরো দিনের খেলা কিংবা অনুশীলনের পর বিকেলে বসে খেলা দেখাকে তিনি বেশ উপভোগ করেন।
আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ১০০ বলের এই টুর্নামেন্ট।



