পরীক্ষামূলক সংস্করণ

পাচারকৃত অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার একাধিক দেশে আইনি সহায়তার আবেদন পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এখন পর্যন্ত ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে এবং আরও ২১টি দেশের ক্ষেত্রে এ প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১২ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ১১টি গুরুত্বপূর্ণ মামলা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে।

এসব মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অংশ নিচ্ছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

প্রধান খবর

আসছে...