দেশের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণা জোরদার, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



