অল ক্রাইমস. টিভি ডেস্ক
হরমুজ প্রণালির নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এর আগে বুধবার (২২ এপ্রিল) পৃথক ঘটনায় তিনটি জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো জাহাজগুলোর পরিচয় বা তারা কী বহন করছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা তাদের জন্য একটি কঠোর নীতি, এবং ওই জাহাজগুলো সেই নিয়ম ভঙ্গ করায় আটক করা হয়েছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগের ঘটনায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্তত তিনটি কনটেইনার জাহাজে হামলা চালানো হয় বলে সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস নিশ্চিত করে। তবে রয়টার্স জানিয়েছে, সব জাহাজ আপাতত নিরাপদ রয়েছে।



