অল ক্রাইমস. টিভি ডেস্ক
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে সরকারি সুবিধা নিয়ে নতুন একটি প্রস্তাব তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, অতীতের মতো ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা তিনি গ্রহণ করতে চান না।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য আলাদা করে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধার পরিবর্তে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যরাও একইভাবে একটি সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন। এতে অতিরিক্ত ব্যয় কমবে এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।
হাসনাত আব্দুল্লাহ জানান, তিনি আগেই ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার কথা বলেছেন এবং এ বিষয়ে সংসদ ইতোমধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত ভাতা থাকলেও তার নিজের কোনো গাড়ি নেই। এ কারণে তিনি সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ তৈরির আহ্বান জানান।
সংসদের অন্য সদস্যরা এ সময় টেবিল চাপড়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।



