অল ক্রাইমস. টিভি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজধানীতে সীমিত লোডশেডিং হলেও গ্রামে তা দীর্ঘসময় ধরে চলে, অনেক জায়গায় দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
গ্যাস সংকটের বিষয় তুলে ধরে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। সেখানে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, মিল ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও স্থানীয় মানুষ পর্যাপ্ত গ্যাস পান না।
তিনি উল্লেখ করেন, তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম প্রধান গ্যাসের উৎস, যেখান থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কিন্তু সেই গ্যাস উৎপাদনকারী এলাকার মানুষই বঞ্চিত থাকছেন।
রুমিন ফারহানা বলেন, তার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। চুলায় অল্প আঁচে গ্যাস জ্বলে, মাঝে মধ্যে অল্প সময়ের জন্য গ্যাস এলেও তা স্থায়ী হয় না।
তিনি আরও বলেন, দেশে গ্যাসের সামগ্রিক সংকট রয়েছে এবং শীতকালে চাহিদা আরও বেড়ে যায়। পাশাপাশি অবৈধ সংযোগও সমস্যাকে জটিল করছে। ২০১৬ সাল থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এখনও অনেকেই অবৈধ সংযোগ ব্যবহার করছেন, ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।



