অল ক্রাইমস. টিভি ডেস্ক
দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এটিই প্রথম নির্বাচন।
রামাল্লাহভিত্তিক সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার রয়েছে। ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা থেকে।
তবে ভোট চলার মাঝেই গাজাজুড়ে নতুন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে দেইর আল-বালাহ এলাকায় ছয়জন পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছে। যুদ্ধবিরতি চললেও নিয়মিত হামলা অব্যাহত রয়েছে।
এদিকে পশ্চিম তীরেও অভিযান ও গ্রেপ্তার চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুস, রামাল্লাহ ও বেথলেহেমসহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও অবরোধের ঘটনা ঘটেছে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংঘাত ও হামলার মধ্যেও এই নির্বাচনকে ফিলিস্তিনিদের জন্য রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।



