অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম নীতিমালা বিষয়ক সেমিনারে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর হাতেও স্মার্টফোন পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে তারাও ডিজিটাল সেবার আওতায় আসতে পারেন।
তিনি আরও জানান, বর্তমানে ১০০ টাকার মোবাইল রিচার্জে প্রায় ৩৮ টাকা কর হিসেবে কেটে নেওয়া হচ্ছে, যা গ্রাহকদের জন্য চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে টেলিকম খাতে আরোপিত ট্যাক্স ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার কাজ শুরু করেছে।
উপদেষ্টা বলেন, দেশের ৯০ শতাংশ জনগণকে ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সর্বনিম্ন ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।
তিনি স্বীকার করেন, গ্রাহকেরা ব্যয় করেও প্রত্যাশিত মানের সেবা পাচ্ছেন না, যা একটি ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।
এ সময় তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারের কাছ থেকে কোনো বেতন বা সুযোগ-সুবিধা নিচ্ছেন না; দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছেন।



