অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রাম বন্দরে বড় চালান নিয়ে এসেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শিং তং ৭৯৯’। জেট ফুয়েলসহ ৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জ্বালানি নিয়ে শনিবার বিকেলে বন্দরের বহির্নোঙরে পৌঁছে জাহাজটি।
১৮২ দশমিক ৫ মিটার লম্বা এই জাহাজটি পৌঁছানোর পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্টরা। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী এক–দুই দিনের মধ্যে জাহাজটি বন্দরের জেটিতে ভিড়তে পারে।
এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরেকটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
একই দিন এবং এর আগের সময়ে আরও কয়েকটি জ্বালানি জাহাজ বন্দরে ভিড়েছে। শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে একটি ট্যাংকার এবং আগের দিন তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে আরেকটি ট্যাংকার বন্দরের বহির্নোঙরে নোঙর করে।
বন্দর ও বিপিসি সূত্র জানায়, বর্তমানে পরিশোধিত জ্বালানি তেল ও অকটেনসহ একাধিক জাহাজ বন্দরে অবস্থান করছে। এসব জ্বালানি দ্রুত খালাসে লাইটারিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব চালান দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



