অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বিএনপি সরকার দেশকে আবারও আওয়ামী লীগের পথেই নিয়ে যাচ্ছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে বিএনপি পুরোনো স্বৈরাচারী ধারা পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে। এমন পরিস্থিতি তৈরি হলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি সতর্ক করেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি করেছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল। তবে শুরু থেকেই বিএনপি এসব সংস্কারে বাধা দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ঐক্যমত কমিশনে অংশ নেওয়ার পরও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছে। এমনকি গণভোটে সম্মত হওয়ার পর নির্বাচনের পর সেটিকেও অস্বীকার করছে দলটি।
তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ দিয়ে জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সরকার, কিন্তু বাস্তবে জ্বালানি সংকট, অর্থনৈতিক সমস্যা ও আইনশৃঙ্খলার অবনতি অস্বীকার করা হচ্ছে।



