অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে শিবালয়–কাজিরহাট এবং পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঝড়ের সময় পাটুরিয়া ঘাটে রো-রো ফেরি এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। একইভাবে দৌলতদিয়া ঘাটে শাহ পরান, কুমিল্লা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ক্যামেলিয়া, ঢাকা ও খান জাহান আলীসহ একাধিক ফেরি নিরাপদে রাখা হয়েছে।
এছাড়া আরিচা ও কাজিরহাট পয়েন্টেও বেশ কয়েকটি ফেরি ও লঞ্চ নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি সূত্র।
বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বিকেল ৪টা থেকে সংশ্লিষ্ট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু করা হবে।
অন্যদিকে, লঞ্চ মালিক ওয়াসিম আকরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। আরিচা–কাজিরহাট রুটের স্পিডবোট পরিচালনা কমিটির সভাপতি সত্যেন কান্ত পণ্ডিত ভজন বলেন, ঝড়ের কারণে প্রায় ৬০টি স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী (বিকেল ৫টা ২৫ মিনিট), উল্লিখিত নৌপথগুলোতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।



