অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয় এবং পরে কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে পাস হয়।
প্রস্তাবটি উত্থাপন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে। এরপর স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটি ভোটে তোলেন। কোনো আপত্তি না থাকায় এটি গৃহীত হয় এবং বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী গঠিত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে জ্বালানি খাতে বর্তমান সংকট মোকাবিলার সুপারিশসহ একটি প্রতিবেদন সংসদে জমা দেবে।
নতুন এই কমিটিতে সরকারি ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সঙ্গে সরকারি দলে রয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ আরও তিনজন সংসদ সদস্য।
বিরোধী দল থেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম খান মিলন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলাম বুলবুল, ঢাকা-১৬ আসনের অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ এবং সিলেট-৫ আসনের মুফতি মোহাম্মদ আবুল হাসান।



