অল ক্রাইমস.টিভি ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং ফেসবুকে বিভিন্ন মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, ছাত্রশিবিরের সভাপতি মো. সুজন মিয়া এবং দুই পক্ষের আরও কয়েকজন কর্মী—রাকিব, আপন, মাহিন ও শরিফুল ইসলাম।
সংঘর্ষের পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, “ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



