অল ক্রাইমস.টিভি ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই বোন। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রোকসানা আক্তার (৯) এবং আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বোন বাবা-মায়ের সঙ্গে তাদের নানা বাড়িতে অবস্থান করছিল। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা দ্রুত পানিতে নেমে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এবং পুকুর থেকে প্রথমে এক শিশুর মরদেহ উদ্ধার করে। কিছুক্ষণ পর জাল ফেলে আরেকজনের মরদেহও উদ্ধার করা হয়। তাদের দ্রুত স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, দুই বোনই খুবই শান্ত স্বভাবের ছিল এবং একসঙ্গে সবসময় খেলাধুলা করত।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



