অল ক্রাইমস.টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা না পাওয়ায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র নেত্রী সৈয়দা অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি সম্প্রতি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য পাপিয়ার নাম না থাকায় তিনি মনোনয়ন বঞ্চিত হন।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তিনি লেখেন, তার রাজনীতি কোনো সাময়িক পদ বা ব্যক্তিগত স্বার্থের ওপর দাঁড়িয়ে নয়, বরং এটি আজীবনের আদর্শের সংগ্রাম, যা তিনি ছাত্রজীবনে ছাত্রদলের মাধ্যমে শুরু করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি তার ভালোবাসা ও আনুগত্য কখনোই দুর্বল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তার ভাষায়, রাজনৈতিক জীবনে মান-অভিমান থাকলেও আদর্শ থেকে তিনি কখনো বিচ্যুত হননি এবং হবেন না।
পাপিয়া লেখেন, তিনি বিএনপির বাইরে কখনো যাননি এবং যাবেন না। দলের পতাকার নিচেই তার রাজনৈতিক জীবন শুরু এবং শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



