অল ক্রাইমস. টিভি ডেস্ক
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তারা এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে নিজ বাড়ির ঘরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও তার দুই মেয়ে। রাত গভীর হলে হঠাৎ দমকা হাওয়া ও বৈশাখী ঝড় শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—খুকি বেগম (৬৫), তার মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। তারা সবাই দাগী এলাকার বাসিন্দা।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের জন্য সহায়তার উদ্যোগও নেওয়া হবে।



