অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে ইন্টারনেট সেবার খরচ কমানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে সংস্থাটি।
সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এক দেশ, এক রেট” নীতিমালার আলোকে ইন্টারনেটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ৩০ এমবিপিএস, ১০০ এমবিপিএস এবং ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩০ এমবিপিএস ইন্টারনেটের সর্বোচ্চ মাসিক মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার শর্তে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে (স্যাম অনলাইন) ৩০ থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে, যাতে একসঙ্গে একাধিক ব্যবহারকারী ব্যবহার করলেও সেবার গতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।



