অল ক্রাইমস. টিভি ডেস্ক
আট বছরের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন কেয়া পায়েল। তবে ব্যক্তিগত জীবন ও চেহারার পরিবর্তন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রথমবার এ বিষয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। প্লাস্টিক সার্জারির গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, আগে কখনো এসব নিয়ে কথা বলেননি।
তার ভাষায়, প্রত্যেক মানুষই স্বাভাবিকভাবেই সুন্দর এবং তিনি নিজেও ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা পেয়ে বড় হয়েছেন। তার কাছে প্রাকৃতিক সৌন্দর্যই বেশি গুরুত্বপূর্ণ।
কেয়া পায়েল আরও বলেন, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিং নিয়ে তার আগ্রহ বরাবরই ছিল। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তন করেছেন, তবে তা অতিরিক্ত কিছু নয়।
তিনি জানান, নিজেকে বদলে ফেলার কোনো ইচ্ছা তার ছিল না—যেমন আছেন তেমনই তিনি সন্তুষ্ট। তবে ছোটখাটো কিছু পরিবর্তনের কারণে ভক্তদের প্রতিক্রিয়া দেখে তিনি বিস্মিত হয়েছেন।
বিদেশি তারকাদের ক্ষেত্রে একই বিষয় ‘গ্রুমিং’ হিসেবে দেখা হলেও দেশীয় শিল্পীদের ক্ষেত্রে কেন সমালোচনা হয়—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, অনেক সময় না জেনেই মানুষ মন্তব্য করে, যা এক ধরনের হুজুগে মানসিকতার পরিচয়।



