অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সকাল ১০টা থেকেই নতুন দাম সারা দেশে কার্যকর করা হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৮০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি, অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম, ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০০০ হাজার ২১১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ভরি রাখা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে ভারসাম্য বজায় রাখতে এই সমন্বয় করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “বাজারের পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সংশোধন জরুরি ছিল, এতে স্বর্ণবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণ ও রুপা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত নির্দেশনায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



