অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ। মাছটি বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুট সংলগ্ন পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে এরশাদ হালদার জানান, সোমবার রাতে তিনি আরও কয়েকজন জেলেকে নিয়ে নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। রাতে জাল ফেলে অপেক্ষা করার পর ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা লাগে। এতে তারা বুঝতে পারেন, বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখা যায় বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ আটকা পড়েছে।
সকাল ৭টার দিকে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে রেজাউলের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলিস্তানের এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে নদীতে এ ধরনের বড় পাঙ্গাশ মাছ খুব কমই পাওয়া যায়। মাছটি আড়ত থেকে দোকানে আনার পর সেটি দেখতে অনেক মানুষের ভিড় জমে যায়।



