অল ক্রাইমস.টিভি ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে সহযোগী ডাকাতের গুলিতে সাইফুল (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত সাইফুল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। ভোররাতে ভারী বৃষ্টির মধ্যে একদল সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং পরিস্থিতি টের পান।
এ সময় ডাকাতরা রান্নাঘরের গ্রিল ভাঙার চেষ্টা করলে গিয়াস উদ্দিন বাধা দেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন। তখন ডাকাত দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাত দলেরই সদস্য সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ডাকাতির চেষ্টাকালে এই ঘটনা ঘটে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



