অল ক্রাইমস. টিভি ডেস্ক
কুমিল্লা শহরে মাত্র এক থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন অচল হয়ে পড়ে। কান্দিরপাড়, চকবাজার, রানীরবাজার, শাসনগাছা ও ধর্মপুরসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেক কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি ও চার্জলাইটে পরীক্ষা নিতে হয়েছে। আবার কোথাও পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দাঁড়িয়ে বা পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও সিটি করপোরেশন গত কয়েক বছরে বড় অঙ্কের ড্রেন নির্মাণের কথা জানিয়েছে, তবুও পানি নিষ্কাশনে কার্যকারিতা দেখা যাচ্ছে না।
সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



