পরীক্ষামূলক সংস্করণ

‘চোখের সামনে কষ্টের ফসল ডুবে যাচ্ছে’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা তিন দিনের ভারী বর্ষণ ও খোয়াই নদীর পানি ঢুকে বিস্তীর্ণ বোরো ধানখেত পানিতে তলিয়ে গেছে। কৃষকেরা বলছেন, চোখের সামনে বছরের কষ্টের ফসল ডুবে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই।

জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কৃষকদের দাবি, ওই এলাকায় শত শত একর জমির ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। অনেক জায়গায় পানি বাড়তে থাকায় ধান কাটার মেশিনও কাজ করতে পারছে না। ধান শুকানোর জন্য তৈরি খলাগুলোতেও পানি জমে গেছে, ফলে কাটা ধান সংরক্ষণেও সংকট দেখা দিয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আগামী দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

হাওরের অন্যান্য উপজেলা ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকায় পানি নামার পরিবর্তে কোথাও কোথাও আরও বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় এবার ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই রয়েছে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর জমি। জেলায় মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৬৮৬ টন, যার বড় অংশই আসে হাওর থেকে। এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বৃষ্টি ও নদীর পানি ঢুকে ফসল তলিয়ে যাওয়ায় তারা চরম অসহায় অবস্থায় পড়েছেন। ধান কাটা, শুকানো ও পরিবহনে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কাজ করতে বলা হয়েছে এবং দ্রুত প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাহপুর এলাকায় খোয়াই নদীর পানি ঢুকে ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, এখনো পানি বিপৎসীমার ওপরে যায়নি, তবে টানা বৃষ্টিতে পানি বাড়ছে। আগাম সতর্কতা হিসেবে কৃষকদের ৮০ শতাংশ পাকলেই ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছিল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...