অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে উভয় দলের একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দল দুটির নেতারা জানান, এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি এবং সাংগঠনিক কাঠামো বা চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানান, বিষয়টি এখনো দলের কেন্দ্রীয় কমিটিতে আনুষ্ঠানিকভাবে আলোচিত হয়নি, তবে রাজনৈতিক পরিষদ পর্যায়ে আলোচনা হতে পারে। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, একীভূত হওয়ার বিষয়টি নিয়ে তাদের নীতিনির্ধারণী ফোরামে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং যা শোনা যাচ্ছে তা ধারণাভিত্তিক।
এনসিপি ও এবি পার্টি উভয় দলই জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখে বলে দলীয় সূত্রগুলো দাবি করছে। আদর্শগতভাবে বড় কোনো মতপার্থক্য না থাকায় একীভূত হওয়ার আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে দুই দলের শীর্ষ নেতারা একটি বৈঠকে বসে সম্ভাব্য একীভূতকরণ ও সাংগঠনিক কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা করেন এবং শিগগিরই আবার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয়, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
দলীয় সূত্রে জানা যায়, আলোচনার গুরুত্বপূর্ণ দিক হলো এবি পার্টির শীর্ষ নেতাদের ভবিষ্যৎ পদ-পদবি, সাংগঠনিক মূল্যায়ন এবং এনসিপির বিদ্যমান কাঠামোর সঙ্গে তাদের সমন্বয়। এছাড়া দল দুটির একীভূত হওয়ার পর নতুন নামে আত্মপ্রকাশ হবে কি না, নাকি একটি দল বিলুপ্ত হয়ে অন্য দলে যুক্ত হবে, সে বিষয়েও আলোচনা চলছে।
এনসিপি গঠিত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের নিয়ে। অন্যদিকে এবি পার্টির যাত্রা শুরু হয় ২০২০ সালের ২ মে, যা ২০২৪ সালে নিবন্ধন পায়। দলটি বর্তমানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক। এনসিপি সম্প্রতি দল সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করেছে।
গত ১৯ এপ্রিল এবি পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এরপর ২৪ এপ্রিল আরও কয়েকজন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা দলে যোগ দেন বলে জানানো হয়।
এনসিপির এক রাজনৈতিক পরিষদ সদস্য জানান, মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করাই এই একীভূতকরণের আলোচনার অন্যতম লক্ষ্য, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি।



