অল ক্রাইমস.টিভি ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের চালার পানি পড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে আমুচিয়া ইউনিয়নের দক্ষিণ সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্থানীয়রা জানান, আমুচিয়ার নিকুঞ্জ সর্দারের ছেলে সদীপ সর্দারের সঙ্গে তার ভাই সুধীর সর্দারের জায়গা-জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। মঙ্গলবার রাতে সদীপের ঘরের চালার বৃষ্টির পানি সুধীরের ঘরে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুধীর সর্দার, তার স্ত্রী পলি সর্দার ও ভাইপো রিপন সর্দার দেশীয় অস্ত্র নিয়ে সদীপের পরিবারের ওপর হামলা চালায়।
আহতদের তালিকা:
হামলায় সদীপ সর্দার (৫০), পূর্ণিমা সর্দার (৪৮), নিলয় সর্দার (১৭), দীপন সর্দার (২৬), চুমকি সর্দার (৩৪), সুজন সর্দার (৩৭) ও খোকন সর্দার (৩৭) আহত হন।
চিকিৎসা ও পুলিশি পদক্ষেপ:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



