অল ক্রাইমস. টিভি ডেস্ক
বরিশালের মেহেন্দিগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এতে উপজেলা জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এ সময় ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলামসহ ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং কেউ কেউ জ্ঞান হারান।
আহতদের মধ্যে রয়েছে ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম, সপ্তম শ্রেণির জান্নাত বেগম, অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, হঠাৎ বজ্রপাত হলে শিক্ষকসহ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্য শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতে আরও ৮ শিক্ষার্থী আহত হন বলে জানান স্থানীয়রা। আতঙ্কে অনেক শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে ও অজ্ঞান হয়ে যায়।
প্রধান শিক্ষক জানান, বজ্রপাতের বিকট শব্দে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কিছুটা সুস্থ আছে, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিদ্যালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



