অল ক্রাইমস. টিভি ডেস্ক
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনের নজর এখন বুথফেরত জরিপের দিকে। এসব জরিপে সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়, যিনি প্রথমবার রাজনীতিতে অংশ নিয়েই উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করেছেন।
নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগে বিজয়ের জনসভায় ব্যাপক জনসমাগম নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করে, যার প্রভাব জরিপগুলোতেও দেখা যাচ্ছে।
বিভিন্ন বুথফেরত জরিপ অনুযায়ী, বিজয়ের দল প্রথমবার অংশ নিয়েই প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পূর্বাভাস বাস্তব হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে।
তবে সব জরিপ একই ফল দেখাচ্ছে না। কিছু জরিপে বলা হচ্ছে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে, আর এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। আবার কিছু ক্ষেত্রে বিজয়ের দলের আসন সংখ্যা তুলনামূলক কম দেখানো হয়েছে।
এদিকে কিছু বিশ্লেষণ সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি। এখন দেখার বিষয়, এসব বুথফেরত জরিপ চূড়ান্ত ফলাফলে কতটা মিল পায় এবং প্রথম নির্বাচনে বিজয় কতটা সফল হতে পারেন।



