অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন শামীমা পারভীন শিল্পি।
২০২৬ সালের ৩০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদায়নের তথ্য জানানো হয়। শামীমা পারভীন এর আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। একই আদেশে ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার বিশেষ পরিচিতি রয়েছে; তিনি ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক এবং আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে শামীমা পারভীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সহধর্মিণী। ছাত্রজীবনে তিনি সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ মেয়াদের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।



