পরীক্ষামূলক সংস্করণ

বাসের জানালার রড অপসারণের নির্দেশ: বিআরটিএ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি এসি বাসে জরুরি বহির্গমন পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালার রড অপসারণের কঠোর নির্দেশ দিয়েছে।

২০২৬ সালের ৩০ এপ্রিল, বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিএ জানায়, দুর্ঘটনার সময় দ্রুত বাস থেকে বের হতে না পারাই মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে রেলক্রসিং, ফেরিঘাট বা মহাসড়কে দুর্ঘটনার পর বাসের দরজা আটকে গেলে বা জানালার রডের কারণে যাত্রীরা বের হতে পারেন না। এই প্রতিবন্ধকতা দূর করতে এখন থেকে এসি বাসে সুস্পষ্টভাবে ‘ইমার্জেন্সি ডোর’ চিহ্নিত রাখতে হবে এবং কাঁচ ভাঙার জন্য প্রয়োজনীয় হাতুড়ি বা সরঞ্জাম বাসের ভেতর সহজলভ্য করতে হবে।

অন্যদিকে, নন-এসি বাসে জানালার সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডগুলোকে জরুরি অবস্থায় বের হওয়ার পথে প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিআরটিএ নির্দেশ দিয়েছে যে, দ্রুততম সময়ের মধ্যে এসব রড অপসারণ করতে হবে যেন যাত্রীরা জানালা দিয়েও আত্মরক্ষা করতে পারেন। এই নির্দেশনা অমান্যকারী বাসের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। বিআরটিএ আশা করছে, এই নিয়ম বাস্তবায়িত হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

প্রধান খবর

আসছে...