অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের পর্যটন শিল্পকে একটি শক্তিশালী খাতে রূপান্তর করতে এবং পর্যটকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (৪ মে, ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ এই অধিবেশনে দেশের পর্যটন বিকাশে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার এবং নতুন পর্যটক আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মনপুরা ও নেত্রকোণাসহ কয়েকটি জেলাকে পর্যটন উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো দর্শনার্থী যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেদিকে কঠোর নজর রাখতে হবে এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
অধিবেশনে বিমানবন্দর উন্নয়ন নিয়েও ব্যাপক পরিকল্পনা তুলে ধরা হয়। মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ঠাকুরগাঁও ও বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ মে বগুড়া বিমানবন্দর পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে যাতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা পাইলট হওয়ার সুযোগ পায়। দেশের পর্যটন খাতকে বর্তমানে ‘রুগ্ন’ দশা থেকে মুক্ত করে একটি লাভজনক শিল্পে পরিণত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করে আফরোজা খানম বেসরকারি বিনিয়োগকারীদেরও এই খাতে এগিয়ে আসার আহ্বান জানান। সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।



