অল ক্রাইমস. টিভি ডেস্ক
ময়মনসিংহে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে মোট ২৪ শিশুর মৃত্যু হলো।
জানা গেছে, গত ২৮ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ৭ মাস বয়সী এক শিশুকে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার (৩ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ শিশু। বর্তমানে সেখানে ৮২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম লক্ষণ নিয়ে মোট ১,০৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার হার উদ্বেগজনক। এ অবস্থায় টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।



