অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের বন্ধ হয়ে যাওয়া ৫০টি পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডেপুটি কমিশনারদের সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বেশ কয়েকটি মিল ইতোমধ্যে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। সরকার এসব কারখানা পুনরায় চালুর মাধ্যমে শিল্পখাতে গতি ফেরাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যেই ৫০টি মিল পুনরায় চালু করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশে উল্লেখযোগ্য বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা চালুর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংরক্ষণ নিয়েও নির্দেশনার কথা উল্লেখ করেন। মন্ত্রী বলেন, কোনোভাবেই যেন চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ে মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পচন রোধে সরকারি ব্যবস্থাপনায় চামড়ায় লবণ ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, দামের অসন্তোষ ও সংরক্ষণ সমস্যার কারণে অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়। তাই সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে।



