অল ক্রাইমস.টিভি ডেস্ক
নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত মূল আসামি শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১৪-এর একটি আভিযানিক দল ভোর সোয়া ৪টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের কথা রয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব তাকে আদালতে প্রেরণ করা হবে। যদি আজ পর্যাপ্ত সময় পাওয়া যায় তবে আজই তাকে আদালতে তোলা হবে, অন্যথায় আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, মাদরাসাছাত্রীকে ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন। এই মামলার বিস্তারিত ও গ্রেপ্তার অভিযান সম্পর্কে তথ্য দিতে আজ দুপুর ১২টায় র্যাব-১৪-এর কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



