অল ক্রাইমস.টিভি ডেস্ক
পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে সরকার খুব শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় একটি প্রকল্প। এই ব্যারেজ নির্মাণের বিষয়ে সরকার দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই বিষয়টি অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। বৈঠকে পদ্মা ব্যারেজ ছাড়াও দেশের উত্তর অঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। একই সাথে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কী কী উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়গুলো নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরকারের আগামী দিনের কিছু রাষ্ট্রীয় কর্মসূচির তথ্যও গণমাধ্যমকে জানান। তিনি উল্লেখ করেন যে, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন। সেখানে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির পাশাপাশি সরকারের দেশব্যাপী বৃহৎ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর সফর শেষ করার পর চলতি মাসের ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা সফরে যাবেন বলেও পানিসম্পদ মন্ত্রী সাংবাদিকদের নিশ্চিত করেন।



