অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে তিনি টিকার এই চালান গ্রহণ করেন।
মন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে পৌঁছায়।
তিনি আরও বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে ঘাটতি দেখা দিয়েছে, এই চালান তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত স্টকের টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার হওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছিল।
নতুন চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডের টিকাও রয়েছে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে এবং ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না। তিনি আরও জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ মে’র মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে, যা দেশের টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।



